
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পুরাতন রমনা থানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এসময় দেশের বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, তবে একটি মহল এই উৎসব ব্যাহত করার চেষ্টা করছে। এ সময় খাগড়াছড়ির পরিস্থিতির জন্য ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনকে দায়ী করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি।’
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ঘটনাস্থলে আছেন বলে উল্লেখ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় নেতাদের সঙ্গে পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা কথা বলেছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি চালাচ্ছে। এসব অস্ত্র প্রায়ই দেশের বাইরে থেকে আসে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, খাগড়াছড়িতে আটকে পড়া পর্যটকদের অধিকাংশকে ইতিমধ্যে ফিরিয়ে আনা হয়েছে।
তথ্য সূত্র: প্রথম আলো
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।