
নিজস্ব প্রতিবেদক // ঢাকার কেরাণীগঞ্জের বহুতল ভবনের আগুন ১০ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আগানগরের জাবালে নূর টাওয়ারের বেজমেন্টে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বেলা সাড়ে ৩টার দিকে বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিসের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বেজমেন্টে বিভিন্ন দোকান ছাড়াও ঝুটের গোডাউন রয়েছে। সেসবে আগুন বিস্তৃত হওয়ায় এবং ঝুটের স্তূপে আগুন থাকায় নিয়ন্ত্রেণে আনতে সময় লাগছে।
এর আগে শাহজাহান শিকদার বলেছিছেন, “জাবালে নূর টাওয়ারটি কয়েকটি স্বতন্ত্র ভবন নিয়ে গঠিত; কিন্তু এগুলোর বেজমেন্ট একটি। এটি বাণিজ্যিক কাম আবাসিক ভবন।
“প্রথম ও দ্বিতীয় তলায় বিভিন্ন গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট ঝুট গোডাউন রয়েছে। উপরে রয়েছে আবাসিক কোয়ার্টার। বেজমেন্টে প্রবেশপথ মাত্র দুইটি। বেশিরভাগ দোকানের তালা ও শাটার কেটে কেটে আগুন নেভাতে হচ্ছে। এ কারণে আগুন নেভাতে সময় লাগছে।”
তিনি জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে খবর পাওয়ার পর ৮ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর কেরাণীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজারসহ বিভিন্ন ফায়ার স্টেশনের ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে।
শাহজাহান শিকদার দুপুরে বলেন, প্রচুর ধোঁয়ার কারণে ব্রিদিং, হ্যাজম্যাটসহ মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনে আটকে পড়া আরো তিনজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এর আগে সকাল ৯টা পর্যন্ত ভবনটি থেকে ৪২ জনকে উদ্ধার করার কথা জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, আগুন লেগেছে একটি বেজমেন্টে, যার উপরে সাতটি ভবন রয়েছে।
“বেজমেন্টে গোডাউন আছে, তার উপরে রয়েছে মার্কেট; এর উপরে আবাসিক অংশ। খুবই কমপ্লিকেটেড জায়গা। বেজমেন্টে ঢোকার একদিক থেকে অ্যাকসেস পাচ্ছি।”
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।