প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৬, ৪:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৬, ১২:৪৫ এ.এম
আগৈলঝাড়ায় বোরো ধান সংগ্রহ উদ্বোধন করেন ইউএনও

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চলতি মৌসুমের বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক।
উপজেলা খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান সংগ্রহ কার্যক্রম চলবে। সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা। কৃষি অফিসের তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে। প্রতিজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ তিন মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
এ মৌসুমে আগৈলঝাড়া খাদ্যগুদামে মোট ১ হাজার ৬০ মেট্রিক টন চিটামুক্ত বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহকৃত ধানের আর্দ্রতা সর্বোচ্চ ১৪ শতাংশের মধ্যে থাকতে হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম, আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক, উপজেলা খাদ্য কর্মকর্তা ফারজানা ফেরদৌস, খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. আবু বকর ছিদ্দিক, প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.