
বিনোদন ডেস্ক // ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে তার সম্পর্ক নানা সময়ে আলোচনার জন্ম দিয়েছে। তবে এই দুই তারকার বাইরেও শাকিবের জীবনে ছিল এক প্রেমের গল্প, যার পরিণতি হয়নি। একসময় সেই প্রেমিকাকেই বিয়ে করে সংসার পাতার স্বপ্ন দেখেছিলেন তিনি।
সম্প্রতি চ্যানেল আইয়ের ‘চাঁদ তারার গুঞ্জরন’ অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে আলাপচারিতায় নিজের অতীত প্রেমের কথা তুলে ধরেন শাকিব। কথায় কথায় উঠে আসে চলচ্চিত্রজগতের বাইরের এক তরুণীর প্রসঙ্গ। ঢাকার একটি প্রতিষ্ঠিত পরিবারের মেয়ে ছিলেন তিনি। পড়াশোনা করেছেন গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলে।
পূর্ণিমা জানান, শাকিবের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের অনেকেই তাদের সম্পর্কের কথা জানতেন। একপর্যায়ে শাকিবও স্বীকার করেন, সেই সম্পর্ক তার জীবনে বিশেষ গুরুত্ব বহন করত। মেয়েটিকে বিয়ে করার ইচ্ছাও ছিল তার।
শাকিবের ভাষায়, ‘মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম।’
সেই তরুণীর পরিবার ও ব্যক্তিত্বের প্রশংসাও করেন অভিনেতা। জানান, দুজনের মধ্যে গভীর ভালোবাসা ছিল। তবে নানা অভিমান ও পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সম্পর্কটি টেকেনি। বিচ্ছেদের পর দুজনের জীবনই এগিয়েছে ভিন্ন পথে।
এত বছর পরও সেই সম্পর্কের স্মৃতি মনে পড়ে শাকিবের। পূর্ণিমা জানতে চাইলে তিনি স্বীকার করেন, মাঝেমধ্যে পুরোনো দিনের কথা মনে পড়ে। তবে এখন আর তাদের মধ্যে যোগাযোগ নেই। নতুন করে যোগাযোগ করার ইচ্ছাও নেই তার। চলার পথে কখনো কখনো সেই পরিবারের বাড়ির সামনে দিয়ে যাওয়া হয় বলেও জানান অভিনেতা।
সম্পর্ক ভাঙার কারণ নিয়ে শাকিবের ধারণা, ভালোবাসা বেশি থাকলে ছোটখাটো বিষয়েও অভিমান তৈরি হতে পারে। তাদের ক্ষেত্রেও হয়তো তেমনটাই হয়েছিল। বিচ্ছেদ নিয়ে এখনো তার মনে অনুশোচনা রয়েছে বলে জানান তিনি।
ব্যক্তিজীবনে এমন অপ্রাপ্তির গল্প থাকলেও সিনেমার ক্যারিয়ারে শাকিবের পথচলা দীর্ঘ সাফল্যের। ১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর দুই দশকের বেশি সময় ধরে ঢালিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন এই অভিনেতা।