
রোববার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার কুটুরিয়া উত্তরপারা এলাকার আমির দেওয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নিরাপত্তাকর্মীর নাম আব্দুল কাদের (৫৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বাসিন্দা। কুটুরিয়া এলাকার ‘নীট ২০০৭ লিমিটেড’ কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন তিনি। তারা মাথা ও গলাসহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় ফারুক দেওয়ান বলেন, মজিবর দেওয়ানের ভাই আমির দেওয়ানের বাড়ির পেছনের গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে ডাকাত দলের তিন সদস্য। পরে আমির দেওয়ান ও ডাকাতের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় আমির দেওয়ানের ভাই মজিবর দেওয়ান বুঝতে পেরে চিৎকার করলে তার ছেলে জানালা দিয়ে ডাকাতদের দেখতে পান। এ সময় শর্টগান দিয়ে ফাঁকা গুলি ছোড়েন মজিবুর দেওয়ানের ছেলে। এতে ডাকাতরাও গুলি ছোড়ে। তাদের মধ্যে প্রায় ২০ রাউন্ড গুলি বিনিময় হলে স্থানীয়রা একত্র হয়ে চিৎকার দিয়ে ওই বাড়ির দিকে গেলে ডাকাতরা পালিয়ে যায়।
যাওয়ার সময় মামুন দেওয়ানের বাড়ির সামনে ওই নিরাপত্তাকর্মীকে দেখে গুলি ছোড়ে ডাকাতরা। তাকে সাভার এনাম মেডিকেলে নেওয়া হলে সেখানে লাইফ সাপোর্টে মারা যান তিনি।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ওই এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। সেখানে বাড়িওয়ালা ও ডাকাতের মধ্যে ধস্তাধস্তির খবর শুনেছি। রোগী হাসপাতালে রয়েছে। শুনেছি গুলিবিদ্ধও হয়েছে কিন্তু দেখিনি। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।