খোকন হাওলাদার, আশুলিয়া প্রতিনিধি (ঢাকা) // ঢাকার আশুলিয়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া-বাড়ইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে চন্দ্রার উদ্দেশ্যে ফিরছিল সাভার পরিবহনের একটি বাস। বাসটি বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে পিছনের অংশে আগুন দেখতে পান চালক। তখনই বাসটিতে থাকা সব যাত্রীরা নেমে যান। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো বাসটি পুড়ে যায়।
এবিষয়ে জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া নন্দন পার্ক এলাকায় সাভার পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-৩১৪৯) বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একটি ইউনিট পাঠানো হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় জড়িতদের সনাক্ত করতে এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি।