
পটুয়াখালীর ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম নিদর্শন প্রায় ৩০০ বছরের পুরোনো শ্রীরামপুর জমিদারবাড়ি। মুঘল স্থাপত্যশৈলীর এই স্থাপনাটি আজও বহন করছে জমিদারি শাসন, ঐশ্বর্য, শোষণ ও নির্যাতনের নানা স্মৃতি। দুমকী উপজেলায় অবস্থিত এ জমিদারবাড়ি ঘিরে স্থানীয়দের মধ্যে প্রচলিত রয়েছে নানা লোককাহিনি।
জনশ্রুতি অনুযায়ী, বাংলার প্রথম নবাব মুর্শিদকুলী খানের শাসনামলে (১৭০০-১৭২৭) শিব প্রসাদ মুখোপাধ্যায় ও ভব প্রসাদ মুখোপাধ্যায় নামে দুই ভাই নবাবের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। শিব প্রসাদ নবাবের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলে তার নাম হয় শিবল খাঁ। এতে খুশি হয়ে নবাব তাকে একটি ভাটার আওতায় যতদূর যাওয়া সম্ভব, ততদূর পর্যন্ত জমি এবং ‘মিয়া’ উপাধি প্রদান করেন।
পরবর্তী সময়ে শিবল খাঁর ছেলে কালে খাঁ বরিশালের বাকেরগঞ্জসহ বিভিন্ন এলাকায় ৫৬টি মৌজায় জমিদারি প্রতিষ্ঠা করেন। এসব মৌজার জমিদারি কার্যক্রম পরিচালিত হতো শ্রীরামপুরের এ বাড়ি থেকেই। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, প্রতিটি মৌজায় একটি করে দীঘি ও মসজিদ নির্মাণ করা হয়েছিল। সেসব দীঘি ও মসজিদের অনেক নিদর্শন এখনো বিভিন্ন এলাকায় টিকে আছে।
জমিদার বাড়ির প্রবেশপথে রয়েছে কারুকার্য খচিত একটি ফটক। ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে পুরোনো কয়েকটি প্রাসাদ। স্থাপনাগুলোর নির্মাণশৈলীতে ফুটে উঠেছে তৎকালীন স্থাপত্যরীতির পরিচয়। বাড়ির অন্যতম আলোচিত স্থাপনা ‘আন্দার কিল্লা’। এটি স্থানীয়ভাবে অন্ধকার কূপ নামে পরিচিত।
স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্য ও ১৪০ ফুট প্রস্থের এ স্থাপনায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১০০টি কক্ষ ছিল। চারদিকে প্রাচীরঘেরা কূপটির বিভিন্ন কক্ষে অপরাধীদের আটকে রেখে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। সময়ের পরিবর্তনে কূপটি ভরাট হয়ে গেলেও এর প্রাচীরের কিছু অংশ এখনো টিকে আছে। স্থাপনাটি জমিদার আমলের কঠোর শাসন ও নির্যাতনের নানা কাহিনি মনে করিয়ে দেয়।
জমিদার বাড়ির আশপাশেও ছড়িয়ে রয়েছে মুঘল স্থাপত্যের বেশ কিছু নিদর্শন। বাড়ির কাছেই রয়েছে কারুকার্য খচিত একটি পুরোনো মসজিদ। স্থানীয় মুসল্লিরা এখনো সেখানে নিয়মিত নামাজ আদায় করেন। মসজিদের অদূরেই রয়েছে জমিদার কালে খাঁ ও তার স্ত্রী জুলেখার পাশাপাশি দুটি কবর। মুঘল স্থাপত্যরীতিতে নির্মিত কবর দুটির নকশা ও গম্বুজ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। এ ছাড়া জমিদার বাড়ি থেকে বের হওয়ার পথে রয়েছে গম্বুজ আকৃতির একটি পুরোনো সেতু। বর্তমানে সেতুটির নিচে নদী বা খালের অস্তিত্ব না থাকলেও এর নির্মাণশৈলী অতীতের যোগাযোগব্যবস্থা ও স্থাপত্য ঐতিহ্যের স্মৃতি বহন করছে।