
ইলিশের দাম যেন দিন দিন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ৩ হাজার টাকা কেজি দরে।
একই টাকায় চাল, ডাল, তেল ও সবজিসহ পরিবারের প্রয়োজনীয় বেশ কিছু নিত্যপণ্য কেনা সম্ভব। ফলে চড়া দামের কারণে ইলিশ কিনতে গিয়ে বিপাকে পড়ছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।
শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, মাছের দোকানগুলোয় ইলিশের সরবরাহ থাকলেও দাম শুনে অনেক ক্রেতাই মাছ না কিনে ফিরে যাচ্ছেন। বড় আকারের ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ থাকলেও উচ্চমূল্যের কারণে অনেকে বিকল্প মাছের দিকে ঝুঁকছেন।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আকারভেদে ইলিশের দামে রয়েছে বেশ পার্থক্য। তিনটি ইলিশে এক কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ৫০০ টাকা কেজি দরে। দুটি ইলিশে এক কেজি ওজনের মাছের দাম ১ হাজার ৮০০ টাকা। ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ টাকায়। আর এক কেজি ওজনের বড় ইলিশের দাম উঠেছে ৩ হাজার টাকা পর্যন্ত।
পরিবারের দৈনন্দিন খরচ সামলে কয়েক হাজার টাকা দিয়ে একটি ইলিশ কেনা নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। ফলে জাতীয় মাছ ইলিশ এখন অনেকের কাছেই বিলাসী খাবারে পরিণত হয়েছে।
বাকেরগঞ্জ বন্দর বাজারে মাছ কিনতে আসা লোকমান হোসেন আক্ষেপ করে বলেন, ইলিশের দাম শুনে এখন মনে হয়, মাছ না কিনে ওই টাকা দিয়ে সংসারের অন্য বাজার করাই ভালো। এক কেজি ইলিশের দামই যদি তিন হাজার টাকা হয়, তাহলে মাসের বাজার কীভাবে চলবে।
বাকেরগঞ্জ পৌর মার্কেটের ক্রেতা মাসুদুর রহমান বলেন, ইলিশ মাছ কিনে খাওয়া যেন টাকা চিবিয়ে খাওয়ার মতো। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য এখন ইলিশ কেনা আকাশছোঁয়া স্বপ্নে পরিণত হয়েছে।
রঙ্গশ্রী ইউনিয়নের বাসিন্দা দিনমজুর কালাম গাজী বলেন, কবে শেষবার ইলিশ খেয়েছি, তা মনে নেই। গত রাতে আমার বাচ্চারা ইলিশ খাওয়ার আবদার করেছিল। তাই বাকেরগঞ্জ পৌর বাজারে মাছ কিনতে এসেছিলাম। কিন্তু এসে দেখি, ইলিশের বাজারে আগুন। মাত্র ৬০০ গ্রাম ওজনের দুটি ইলিশের দাম দেড় হাজার টাকা। এটা আমার দুই দিনের আয়ের সমান। ইলিশ কিনলে সংসারের বাকি বাজার করব কী দিয়ে।
পৌর মার্কেটের মাছ ব্যবসায়ী জাফর গাজী বলেন, ‘আড়তদারদের কাছ থেকে বেশি দামে ইলিশ কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আড়তদাররা কম দামে বিক্রি করলে আমরাও দাম কম রাখতে পারব।’
বাকেরগঞ্জ পৌর মার্কেটের উন্নয়ন কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিলটন চন্দ্র পাল বলেন, ‘মানুষের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ নেই। ঘাটতি থাকার কারণে ভরা মৌসুমেও বেশি দামে ইলিশ বিক্রি হচ্ছে।’