প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৯:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৪:৫৭ পি.এম
ওয়েজবোর্ড বাস্তবায়নে বাধা দ্রুত দূর করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

গাজী আরিফুর রহমান, বরিশাল। । ওয়েজবোর্ড বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দ্রুত দূর করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সংবাদপত্রের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ওয়েজবোর্ড বাস্তবায়নে যে সব জটিলতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে গণমাধ্যম প্রচলিত ধারায় চললেও প্রযুক্তিগত পরিবর্তন ও বৈশ্বিক বাস্তবতায় আরও উদ্ভাবনী হতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্ম, তথ্যপ্রযুক্তি ও অনুসন্ধানী সাংবাদিকতায় দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। “সাংবাদিকদের যে কোনো গঠনমূলক পরামর্শ গ্রহণের জন্য আমি প্রস্তুত,”-যোগ করেন মন্ত্রী।
সভায় ওয়েজবোর্ড বাস্তবায়ন ছাড়াও তথ্য অধিকার আইন কার্যকর প্রয়োগ এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়েও আলোচনা হয়। উপস্থিত সাংবাদিকরা আঞ্চলিক পর্যায়ে কর্মরত সংবাদকর্মীদের নানা সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী মনোযোগ দিয়ে সবার বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
বরিশাল প্রেস ক্লাব-এর সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সঙ্গে এই উন্মুক্ত মতবিনিময় সভাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় সংবাদকর্মীরা। তাদের প্রত্যাশা, ঘোষিত উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে গণমাধ্যমকর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হবে এবং আঞ্চলিক সাংবাদিকতার মানোন্নয়ন ঘটবে।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.