প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ৪:৩০ পি.এম
কলস প্রতীকের কর্মী ও সমর্থকদের উপর হামলার অভিযোগ, পাঁচ শতাধিক আহতর দাবি

লালপুর (নাটোর) প্রতিনিধি // ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের লালপুরে নির্বাচন-পরবর্তী সময়ে ধানের শীষের বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন নাটোর-১ আসনে পরাজিত কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু। তিনি দাবি করেন, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তার কর্মী-সমর্থকদেরকে কলস প্রতীকে ভোট করার কারণে তাদের উপর হামলা চালিয়ে মারধর করা হয়।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মোহরকয়া এলাকায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে সদ্য বহিষ্কৃত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সাবেক সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু অভিযোগ করে বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে লালপুর ও বাগাতিপাড়া এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে। ভোটের দিন উপজেলার ইসলামপুরসহ বিভিন্ন স্থানে ভোটারদের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজয় মিছিলের নামে বিভিন্ন নেতা-কর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা চালানো হয়। দোকানপাট ভাঙচুর করে বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রকাশ্যে চাঁদা দাবি করা হচ্ছে। প্রতিদিন বিভিন্ন স্থানে কলস প্রতীকের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ওপর হামলার ঘটনা ঘটছে। অনেকেই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং নারীরাও এ সহিংসতা থেকে রেহাই পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
টিপু জানান, ভয়ের কারণে অসংখ্য মানুষ বাড়ি থেকে বের হতে পারছেন না এবং অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। গত রাতে ওয়ালিয়া এলাকায় সন্ত্রাসীরা আউলিয়ার দোকানে হামলা চালিয়ে তাকে ও তার দুই ছেলেকে রক্তাক্ত জখম করে বলে তিনি দাবি করেন। এছাড়া বিজয়, শামীম ও ইমরান নামের আরও কয়েকজন আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
টিপু অভিযোগ করে বলেন , গতকাল ওয়ালিয়া বাজারে আউলিয়ার দোকানে আটকা পড়া দুইজনকে প্রশাসন উদ্ধার করলেও পরবর্তীতে একই দোকানে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধারের দাবি করা হয়, যা তিনি ‘পরিকল্পিত’ বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, লালপুর-বাগাতিপাড়া এলাকায় এখনো কলস প্রতীকের নেতাকর্মীসহ সমর্থকদের ওপর হামলা অব্যাহত রয়েছে। আহত ৩৯ জনের নাম উল্লেখ করে তিনি দাবি করেন, এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক মানুষকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে।
সতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিকট এই ঘটনার একটি প্রতিকার দাবি করেন।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.