
বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে কাউনিয়া থানা পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া) পবিত্র কুমার হালদারের নেতৃত্বে কাউনিয়া থানার একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান চালায়।
পুলিশ জানায়, নগরীর স্বরোড, ইসলামিয়া কলেজ মাঠ, রোকেয়া আজিম সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে কাউনিয়া থানার অফিসার ইনচার্জসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।