
রাসেল কবির, মেহেন্দিগঞ্জ // বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের চর খাজুরিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে প্রবাসীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুই চোরকে হাতেনাতে আটক করা হলেও অপর দুইজন পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৩ লাখ ৩২ হাজার টাকা।
গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে প্রবাসী ইয়াসিন হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ইয়াসিন হাওলাদারের স্ত্রী সাথী বেগম তাঁর এক সন্তান ও শাশুড়িকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। ছোট সন্তান থাকায় এবং স্বামী প্রবাসে থাকায় তিনি ঘরে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে ঘুমাতেন। রাত ১১টার দিকে ঘরের ভেতরে বিকট শব্দ শুনে তাঁর ঘুম ভেঙে যায়। এ সময় বাতির আলোতে তিনি চারজনকে ঘরের ভেতরে দেখতে পান। তাঁদের মধ্যে সুমন সরদার, সায়েম মোল্লা, রাফিন হাওলাদার ও সগীর হাওলাদারকে শনাক্ত করেন বলে অভিযোগ করেন তিনি।
ঘরের কাপড়চোপড় এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে সাথী বেগম চিৎকার শুরু করেন। তখন চোরেরা দক্ষিণ পাশের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পাশের ঘরের চাচা শ্বশুর সালাম হাওলাদার সুমন সরদার ও সায়েম মোল্লাকে আটক করেন। তবে রাফিন হাওলাদার ও সগীর হাওলাদার পালিয়ে যেতে সক্ষম হন।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ঘরের ভেতরে একটি লেদার ব্যাগ ও ওয়ারড্রব খোলা অবস্থায় দেখতে পান। তল্লাশি করে একটি এক ভরি ওজনের স্বর্ণের নেকলেস, যার আনুমানিক মূল্য ২ লাখ ২২ হাজার টাকা এবং আট আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, যার মূল্য ১ লাখ ১০ হাজার টাকা, খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে কাজিরহাট থানা-পুলিশের এসআই কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় আটক দুই ব্যক্তি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং তাঁদের সঙ্গে রাফিন হাওলাদার ও সগীর হাওলাদারও ছিলেন বলে জানান। এ ছাড়া লাঠি দিয়ে জানালার অংশ খুলে ঘরে প্রবেশের বিষয়টিও তাঁরা স্বীকার করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশ আটক দুজনকে ওই রাতেই থানায় নিয়ে যায়। পরদিন ২০ নভেম্বর শুক্রবার সাথী বেগম বাদী হয়ে কাজিরহাট থানায় চুরির মামলা দায়ের করেন। মামলার নম্বর ১৩। পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় দায়ের করা মামলায় আটক আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।