রাসেল কবির // বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটের ৫ ইউনিয়ন দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসা ও সেবন। ইয়াবা ও গাঁজার সহজলভ্যতার কারণে ধ্বংস হচ্ছে তরুণ প্রজন্ম। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, কাজিরহাট, লতা, ,বিদ্যানন্দ পুর ও ভাসান চর, আন্দারমানিক, আদর্শ নগর ইউনিয়নের বিভিন্ন স্কুল-কলেজের সামনে, বাজারে ও অলিগলিতে প্রকাশ্যে চলছে মাদকের কেনাবেচা। সন্ধ্যার পর চায়ের দোকান ও নির্জন স্থানগুলোতে বসছে মাদকের আড্ডা।
নেশার টাকা জোগাড় করতে গিয়ে অনেক তরুণ জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই নানা অপরাধে। এতে ভেঙে যাচ্ছে অনেক পরিবার। মাদকাসক্ত সন্তানদের নিয়ে দিশেহারা অভিভাবকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, _"আমার ছেলে ভালো ছাত্র ছিল। বন্ধুদের পাল্লায় পড়ে এখন নেশা করে। সংসারে অশান্তি লেগেই আছে। কয়েকবার চিকিৎসাও করিয়েছি, লাভ হয়নি।"
এলাকার সচেতন মহল বলছেন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
এ বিষয়ে কাজির হাট থানার থানার ওসি বলেন, _"মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। গত কয়েকদিনে কয়েকজনকে গ্রেফতার করে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে শুধু পুলিশ দিয়ে এটা বন্ধ করা সম্ভব না। সামাজিক সচেতনতা বাড়াতে হবে। অভিভাবকদের সন্তানদের প্রতি আরও খেয়াল রাখতে হবে।"
স্থানীয়দের দাবি, দ্রুত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে -বরিশাল জেলার কাজির হাট থানা মাদকমুক্ত করা হোক।