
রাসেল কবির, কাজিরহাট প্রতিনিধি।।
বরিশাল জেলার কাজীরহাট থানাধীন ২ নম্বর লতা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. আবুল কালাম খান ইতিপূর্বে দুইবার ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন নির্বাচনেও তিনি মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। তার প্রার্থিতাকে কেন্দ্র করে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সমর্থকদের মধ্যে প্রচার-প্রচারণা চলছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, আবুল কালাম খান অতীতে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকার গরিব-দুঃখী, শ্রমজীবী ও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যাশা থেকেই তারা তাকে আবারও নির্বাচিত করতে চান।
নির্বাচন প্রসঙ্গে মো. আবুল কালাম খান বলেন, এলাকার মানুষ যদি আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে অতীতের মতো এবারও ৪ নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করে যাব। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকাই হবে আমার প্রধান লক্ষ্য।
এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে ৪ নম্বর ওয়ার্ডে প্রার্থীদের নিয়ে আলোচনা বাড়ছে। তবে শেষ পর্যন্ত ভোটাররা কাকে নির্বাচিত করবেন, তা নির্ধারিত হবে ভোটের মাধ্যমে।