আগৈলঝাড়া( বরিশাল) প্রতিনিধি:
গোপালগঞ্জে এক স্বর্ণকারকে স্বর্ণালংকারসহ অপহরণের চেষ্টা চালায় একদল ডাকাত। তবে স্থানীয় জনতার তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয় এবং ডাকাত দলের দুই সদস্যকে আটক করা সম্ভব হয়।
জানা গেছে, ডাকাত দল স্বর্ণকারকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে কোটালীপাড়া উপজেলার পীরের বাড়ি এলাকায় হাত-পা বেঁধে ফেলে রেখে যায়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত এগিয়ে আসে এবং এক ডাকাতকে ঘটনাস্থলেই আটক করে।
পরে পালিয়ে যাওয়া ডাকাতদের ধাওয়া করলে পয়সারহাট এলাকায় তাদের আটকানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এরপর আগৈলঝাড়া উপজেলার কান্দিরপাড় বাইপাস মোড়ে একটি ‘গ্লোবাল’ পরিবহনের গাড়ির চালকের বিচক্ষণতায় ডাকাত দলের ব্যবহৃত গাড়িসহ আরও এক সদস্যকে আটক করা সম্ভব হয়।
খবর পেয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান সহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ডাকাতদের আটকে সহযোগিতা করে।
ওসি মো. মাসুদ খান জানান, “এ ঘটনায় মূল কৃতিত্ব স্থানীয় সাধারণ জনগণের। তাদের সাহসিকতা ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণেই ডাকাতদের আটক করা সম্ভব হয়েছে।”
আটক দুই ডাকাতকে স্থানীয় জনতা গণধোলাই দেয়। পরে কোটালীপাড়া থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে আটক ডাকাত, ব্যবহৃত গাড়ি এবং অন্যান্য আলামত নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।