
নিজস্ব প্রতিবেদক // গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ কর্মসূচি চলছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বুধবারও অব্যাহত রয়েছে। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই অবরোধ চালিয়ে যাচ্ছেন।
সকাল থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নীলফাবাজার মোড়, রামচন্দ্রপুর (রওশনপুর), সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে অবরোধ রয়েছে।
নীলফাবাজার মোড়ে অবরোধকারীদের একজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয়দের চলাচলের সুবিধার্থে রিকশা ও ইজিবাইক এক পাশ দিয়ে চলতে দেওয়া হচ্ছে।
তবে অবরোধ ঘিরে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।
এদিকে শহরের চৌরঙ্গী এলাকা ও নীলফাবাজার মোড়ে অবরোধের স্থানে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে।