গৌরনদী প্রতিনিধি।।
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেল ৪টায় গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ এবং জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল।
এছাড়া বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্যসচিব শফিকুর রহমান শরীফ স্বপন, বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু এবং গৌরনদী পৌর বিএনপির ১ নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন তুলে ধরার পাশাপাশি তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।