গৌরনদী প্রতিনিধি // আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে অশ্লীল স্লোগান ও বক্তব্যের প্রতিবাদে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২৩ জুলাই) দুপুরে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গৌরনদী বাসস্ট্যান্ড ঘুরে অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। মিছিল শুরুর পূর্বে উপজেলা চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আকন কুদ্দুসুর রহমান। পরে বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বীর মুক্তিযোদ্ধা এস. এম. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস. এম. মনিরুজ্জামান, মঞ্জুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, হোসনেয়ারা বেবি, জহুরুল ইসলাম জহির, আবুল হোসেন লাল্টু ও মাসুদ হাসান মিটু। সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাহফুজ, আগৈলঝাড়া উপজেলা যুবদল নেতা মো. হেমায়েত, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।