নিজস্ব প্রতিবেদক।।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে সোহেল মুন্সী নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ জুন) রাত ২টার দিকে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মুন্সী (৩৯) কালুরগাঁও গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে সোহেল মুন্সী ঘুমাতে যান। পাশের ঘরে ছিলেন মা, স্ত্রী ও সদ্য জন্ম নেওয়া সন্তান। রাত ২টার দিকে বাড়ির উঠানে বিকট শব্দ ও আগুন জ্বলতে দেখে নিহতের মা ও স্ত্রী ঘর থেকে বের হয়ে আসেন। তারা দেখতে পান, উঠানে সোহেলের ব্যবহৃত মোটরসাইকেলটি জ্বলছে এবং কিছু দূরে সোহেল মুন্সীর রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে আছে।
ধারণা করা হচ্ছে, গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা সোহেলকে ঘুম থেকে ডেকে ঘর থেকে বের করে আনে। এরপর বাড়ির উঠানেই ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে এবং যাওয়ার সময় মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
নিহতের স্ত্রী নূপুর বেগম বলেন, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা ও পোড়া গন্ধ পেয়ে আমরা বাইরে এসে দেখি সব শেষ। সোহেলের মোটরসাইকেলটি উঠানে জ্বলছিল। পাশের সোহেলের রক্তাক্ত শরীর পড়ে আছে। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল।
লৌহজং থানার ওসি বোরহান উল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সোহেল মুন্সীর মরদেহ উদ্ধার করে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।