প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ৩:৪৮ পি.এম
ছয় বছর ধরে খানাখন্দে ভরা সড়কটি, দেখার কেউ নেই

দীর্ঘ ৬-৭ বছর ধরে কোনো সংস্কার না হওয়ায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নওডাঙ্গা হয়ে নিতাই ইউনিয়নের কালুরঘাট নতুন বাজার থেকে কাচারি বাজার পর্যন্ত পুরো রাস্তাটির কার্পেটিং উঠে গেছে, বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা সড়কে যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, বর্ষায় কাঁদা পানি, আর রোদের দিনে ধুলাবালিতে নাকাল পথচারীরা। প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন এই রাস্তায় চলাচল করলেও দীর্ঘদিন ধরে কোনো ধরনের সংস্কার না হওয়ায় দুর্ভোগ বেড়েই চলেছে।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও মেলেনি কোনো প্রতিকার। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসানের কাছে বক্তব্য নিতে গেলে তিনি ক্যামেরার সামনে কথা না বলে দ্রুত অফিস ত্যাগ করেন। জেলা নির্বাহী প্রকৌশলীও গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি।
তবে উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, রাস্তাটির একাংশের টেন্ডার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এখন এলাকাবাসীর একমাত্র প্রত্যাশা— দ্রুত পুরো সড়কের সংস্কার কাজ শুরু করে দুর্ভোগ থেকে মুক্তি দেয়া হোক।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.