
বরগুনা প্রতিনিধি // বরগুনার পাথরঘাটায় জালে পেঁচানো অবস্থায় ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে বলেশ্বর নদীর তীরবর্তী টেংরা গ্রামের একটি খাল থেকে অজগরটি উদ্ধার করেন পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সদস্য টাইগার জাকির। পরে বন বিভাগের সহযোগিতায় অজগরটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।
টাইগার জাকির জানান, সকালে টেংরা গ্রামের ফার্মেসি ব্যবসায়ী আব্দুর রহিম তাকে খালে জালে পেঁচানো অবস্থায় একটি অজগর পড়ে থাকার খবর দেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।
পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকন বলেন, জাকির দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করছেন। এর আগেও তিনি প্রায় ২ হাজার অজগর উদ্ধার করেছেন।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ বলেন, জাকির হোসেন অজগরটি নিয়ে আসার পর দ্রুত সেটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।