নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী।
শুক্রবার সকাল ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
কাসেমাবাদ-হরিসেনাবাসীর ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভে শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন। অবরোধের কারনে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় ৩০ মিনিট পর সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
অবরোধ চলাকালীন গ্রামবাসী বলেন, নির্মম হত্যাকাণ্ডের শিকার ভ্যান চালক মঞ্জু বেপারীকে হত্যার প্রায় পাঁস মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত খুনিদের সনাক্ত করে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা অতিদ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কাসেমবাদ গ্রামের বাসিন্দা ও শিক্ষক হুমায়ুন কবির বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়ার পরিপ্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এরপরও যদি হত্যাকারীদের সনাক্ত করে গ্রেফতার না করা হয়। তবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে গ্রামবাসী।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে কাসেমবাদ এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ভ্যান চালক মঞ্জু বেপারী নিজ বাড়িতে ফেরার সময় ওই এলাকার মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন রাস্তায় তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে মুমূর্ষু অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।