
চট্টগ্রাম প্রতিনিধি // স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটিতে পদ পেতে গাড়িতে আগুন দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ওই যুবকের নাম মো. সেলিম জসিম (৩২)।
শুক্রবার নগরীর মনসুরাবাদে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানান উপ-কমিশনার (বন্দর ও পশ্চিম) আলী হোসেন। এর আগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে চকবাজার থানার মেহেদীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মো. সেলিম ডবলমুরিং থানার পশ্চিম ঝরনাপাড়া সুলতান মিস্ত্রির বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি নগর স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী। তার বিরুদ্ধে ডবলমুরিং এবং হালিশহর থানায় একাধিক নাশকতা মামলা রয়েছে।
উপ-কমিশনার (ডিসি) আলী হোসেন বলেন, অগ্নিসংযোগের মামলাটি তদন্তে নেমে প্রথমে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। ফুটেজে দেখা যায়, দুষ্কৃতিকারীরা নিজেদের পরিচয় গোপন করার জন্য মুখে মাস্ক এবং শরীরে চাদর জড়িয়ে অগ্নিসংযোগে অংশ নেয়। তবে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গুপ্তচরের মাধ্যমে একপর্যায়ে অভিযুক্তরা শনাক্ত হয়। এর মধ্যে বৃহস্পতিবার সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বেচ্ছাসেবক দলের থানা কমিটিতে পদ পেতে সেলিম এ কাজ করেছে বলে জানিয়েছে। সেই গাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ওই মোটরসাইকেল চালকের নাম জাহাঙ্গীর বলে সে জানিয়েছে। তার বাড়ি টেকনাফে। তাকে ধরতেও আমাদের অভিযান চলছে।