
মেট্রোপলিটন পুলিশের চেকপোষ্টের চাদরে ঢেকে গেছে বরিশাল নগরী। বিশেষ করে ঘুমন্ত শহরের নিরাপত্তা নিশ্চিতে ও রাতের অপরাধ দমনে দ্বিগুনেরও বেশি চেকপোষ্টের ব্যবস্থা করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।
একই সাথে বাড়িয়েছেন পুলিশের বিভিন্ন ইউনিটের টহল কার্যক্রম। তার এই সিদ্ধান্তে শুরু হওয়া চেকপোষ্ট ও টহলে কমে এসেছে কিশোর গ্যাং ও মাদক বহনকারীদের দৌরত্ব। কমেছে মটর সাইকেলের মহড়া।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, মাত্র চার মাস আগে এই মেট্রোতে কমিশনার হিসেবে যোগদান করেন পুলিশ হেড কোয়ার্টারসের ডিআইজি (এডমিন) আবু রায়হান মুহাম্মদ সালেহ। যোগদানের পরই তিনি পূর্ববর্তী আইনশৃংখলার রিপোর্ট নিয়ে তার দপ্তরের সিনিয়র কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
সেখানে নগরীর সড়কে কিশোরদের বেপরোয়া মটরসাইকেল চালানো, মাদক সেবক ও ব্যবসায়ীদের সংখ্যা বৃদ্ধিসহ নানা রকম অপরাধের দৌরত্ব বৃদ্ধি পাওয়া নিয়ে আলোচনা হয়। এরপরই পুলিশ কমিশনার এসব রোধে সড়কে চব্বিশ ঘন্টা চেকপোষ্ট বসানোর সিদ্ধান্ত নেন। যেই ভাবনা সেই কাজ।
বিগত সময়ে চালু থাকা নথুল্লাবাদ ও রূপাতলি বাসস্ট্যান্ডের পাশাপাশি ১০ টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই চেকপোষ্টের ব্যবস্থা করেন তিনি। আর এই চেকপোষ্টে শুধু দিনেই নয়, রাতভর চলে এখানকার কার্যক্রম। শুধু চেকপোষ্টই নয়, পুরো নগরীতে ঘুরে বেড়ায় ডিবির একাধিক টিম। বরিশাল মেট্রোপিলিটন এলাকার নিরাপত্তার জন্য ৩২ টিরও বেশি মোবাইল টিম সার্বক্ষনিক টহলে থাকে। অপরাধী নজরদারীতে মেট্রো পুলিশের রয়েছে ২৩৯ টি সক্রিয় সিসি টিভি ক্যামেরা। যা সার্বক্ষনিক কন্ট্রোল রুমে বসে মনিটরিং করেন অফিসাররা।
এছাড়া নগরীর চারটি ফাড়ি এলাকায় রয়েছে ৪ টি পেট্রোল টিম। এমনকি জরুরী মুহূর্ত মোকাবেলায় রাখা হয়েছে দুটি স্ট্যান্ডবাই টিম। আর এসব টিম ঠিকমত কাজ করছে কিনা সেটা তদারকিতে ঊর্ধতন কর্মকর্তাদের সমন্বয়ে রয়েছে একাধিক বিশেষ টিম। আর এসব চেকপোষ্ট ও টহল টিমের মনিটিরিং করেন মেট্রো পলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার, পিপিএম-সেবা।
শুধুই দিনেই নয় গভীর রাতে নিজে গাড়ি চালিয়ে পুরো মেট্রো এলাকার চেকপোষ্ট তদারকি করেন তিনি। তিনি জানান, এই চেকপোষ্ট ও মোবইল টিম বেপরোয়া কিশোরদের অর্থাৎ তথাকথিত কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধে বিশেষ কাজ করে। এছাড়া রাস্তায় পর্যাপ্ত টহল টিম ও অসংখ্য চেকপোষ্টে ধরা পড়ার আতংকে চুরি এবং ডাকাতির সংখ্যাও কমে গেছে বলে মনে করেন তিনি। বিশেষ করে গত চার মাস এই কার্যক্রম বৃদ্ধির ফলাফল হিসেবে বরিশাল মেট্রোপলিটন এলাকায় একটিও ডাকাতির ঘটনা ঘটেনি।
এছাড়া চেকপোষ্ট ও টহল টিম বৃদ্ধির কারনে রাত্রীকালীন যাত্রীদের নিরাপত্তা বেড়েছে। বিশেষ করে রূপাতলী ও নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের পাশাপাশি লঞ্চঘাটের রাত্রীকালিন যাত্রীরা নির্ভয়ে এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন। পুলিশের এসব কার্যক্রমের কারনে এখানে ছিনতাইয়ের ঘটনা নাই বললেই চলে। রাতের চেকপোষ্টের কারনে চুরি মটর সাইকেল উদ্ধার ও মাদক উদ্ধারের সংখ্যা বেড়েছে জানিয়ে উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার আরও জানান, কমিশনার স্যারের উদ্যোগে অতিরিক্ত চেকপোষ্ট ও টহল বরিশাল নগরীর অপরাধ দমনে বিশেষভাবে কার্যকরী ভুমিকা পালন করে আসছে।
বিশেষ করে বিচার বিভাগের সাথে সমন্বয় করে সংক্ষিপ্ত সময়ের পদ্বতি হিসেবে সামারি ট্রাইলের মাধ্যমে অনেক অপরাধীদের বিচারকার্য সম্পন্ন করায় অপরাধ প্রবনতাও অনেকটা কমেছে বলে মনে করেন তিনি। বিশেষ করে মাদকের সাথে জড়িতদের এই সামারি ট্রাইলে বিচার সম্পন্ন করে তাৎক্ষনিক সাজার মুখোমুখি করায় মাদক বিক্রি ও সেবন দুটোই তুলনামুলক কমেছে।
রাতের নিরাপত্তায় এসব চেকপোষ্ট বিশেষ সফলতা নিয়ে এসেছে বলে মনে করেন নগরবাসীও। নগরীর চৌমাথা এলাকার বাসিন্দা ব্যবসায়ী মাছউদ শিকদার জানান, গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোষ্ট থাকায় কমেছে রাতের রাস্তায় বেপরোয়া কিশোরদের বেপরোয়া বাইক রাইডিং। চেকপোষ্টে ধরা পড়ে যাওয়ার ভয়ে মাদকসেবী বা বিক্রেতারাও ছাড়ছেন এসব রুটে যাতায়াত। এমনকি সিদেল চোরেরাও হয়েছে সতর্ক। গত চার মাসে মহানগরীতে কোন ডাকাতির ঘটনা না ঘটায় স্বস্তিতে রয়েছেন নগরবাসী।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানান, একটি কর্মস্থলে গেলে সেখানের জন্য কিছু করার তাগিদ সব সময় থাকে। এখানের বিষয়ে অনেক কথা শুনেছি। ওই জায়গা থেকেই কিশোর গ্যাং, রাত্রকালীন মহড়া ও মাদক নিয়ন্ত্রনে মেট্রো এলাকার গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে সার্বক্ষনিক চেকপোষ্ট ও টহলের ব্যবস্থা করা হয়েছে।
এই কয়েক মাসে কি রকম ফলাফল পেয়েছেন জানতে চাইলে কমিশনার বলেন, মানুশের রিএ্যাকশনই আমাদের প্রাপ্তি। তবে পুলিশের হিসেবে সব অপরাধই কমেছে। যেমনিভাবে মাদকের সম্রাট বা সম্রাগী কমেছে, তেমনি কোনঠাসা হয়ে পড়েছে মাদক বিক্রেতারা। তবে এর সফলতা জনগণই বলতে পারবে। তাই এই কার্যক্রমের ব্যাপ্তি আরও বৃদ্ধি করা হবে বলে কমিশনার জানান।