
নিজস্ব প্রতিবেদক // ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, পটুয়াখালীর উপকূলে বৈরী আবহাওয়া। থেমে থেমে বৃষ্টি, ঘন মেঘে ঢেকে আছে আকাশ, বাড়ছে শীতের প্রকোপ। ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী এসব তথ্য নিশ্চিত করেন।
আবহাওয়া অফিস জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।
গত মধ্যরাতে ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬০ কিলোমিটার, চট্টগ্রাম থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা হাওয়া বা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে পটুয়াখালী, নোয়াখালী, খুলনা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের ৯টি নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।