নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার পাথরঘাটায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক আসামি মোঃ বেলায়েত (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-৮। শনিবার (১৭ মে) গভীর রাতে বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৮ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত বেলায়েত পাথরঘাটা উপজেলার চর লাঠিমারা এলাকার বাসিন্দা এবং তিনি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিলেন তিনি।
মামলার বিবরণে জানা যায়, বাদী ও অভিযুক্তরা পাশাপাশি বসবাস করতেন। তাদের মধ্যে গাছ কাটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১০ মে এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এসময় বেলায়েতসহ কয়েকজন মিলে বাদীর স্বামীকে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১১ মে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই র্যাব-৮ এর সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে পলাতক আসামি বেলায়েতকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনার আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।