
শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, দেশের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ইরানের ভেতরেই থাকবে এবং প্রয়োজন যেভাবেই নির্ধারিত হোক, সে অনুযায়ী তা ব্যবহার করা হবে।
তিনি জানান, ইরানের পারমাণবিক নীতি পরিবর্তন করা উচিত কি না, তা নিয়ে দেশটির নীতিনির্ধারকদের মধ্যে বিতর্ক চলছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নীতিতে কোনো পরিবর্তন আসেনি।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ২০২৫ সালের হিসাব অনুযায়ী, ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সাধারণত ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। তবে ৬০ শতাংশ থেকে সেই পর্যায়ে পৌঁছানো তুলনামূলকভাবে দ্রুত সম্ভব। বিদ্যুৎ উৎপাদনের জন্য সাধারণত প্রায় ৩ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামই যথেষ্ট।
ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জারি করা ধর্মীয় ফতোয়ায় পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ করা হয়েছিল। পাশাপাশি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) অধীনে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারও দাবি করে আসছে তেহরান।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটির নিরাপত্তা ও প্রতিরোধ সক্ষমতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ইরানের নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই এবং দেশটির বিশেষজ্ঞ পরিষদও পারমাণবিক ও প্রতিরক্ষা নীতি পর্যালোচনার প্রয়োজনীয়তার কথা বলেছেন।
বিশ্লেষকদের মতে, যুদ্ধের অভিজ্ঞতা ইরানের নীতিনির্ধারকদের মধ্যে পারমাণবিক অস্ত্রের মাধ্যমে প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলার চিন্তাকে আরও জোরালো করতে পারে। তবে এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক পারমাণবিক চুক্তির সঙ্গে সাংঘর্ষিক হবে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়াবে।
এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। ওয়াশিংটন যেকোনো যুদ্ধবিরতি বা আলোচনার আগে এ বিষয়ে নিশ্চয়তা চায়। অন্যদিকে তেহরান আলোচনার আগে অবরোধ প্রত্যাহার, জব্দ করা সম্পদ ফেরত এবং সব ফ্রন্টে সংঘাত বন্ধসহ নিজেদের সাতটি শর্ত পূরণের দাবি জানিয়ে আসছে।
বিশ্লেষকদের আশঙ্কা, ইরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক নীতি পরিবর্তন করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেটিকে নতুন হুমকি হিসেবে বিবেচনা করতে পারে। এতে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হবে।