
পিরোজপুরে বাস-অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮ জন হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৩ জন।
আহতদের খুলনা ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
শুক্রবার (০৮ মার্চ) দুপুর ১২টার দিকে পিরোজপুরের সদর উপজেলার পাড়েরহাট সড়কের ঝাউতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, নিহতদের ৬ জনই অটোরিকশাটির যাত্রী। আর বাকি দুজনের একজন মোটরসাইকেলচালক ও অন্যজন বাসযাত্রী ছিলেন।
পিরোজপুর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রেজোয়ান হোসেন বলেন, বাসটি ব্রেক ফেল করে ব্যাটারিচালিত ওই অটোরিকশা ও মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা ৬ যাত্রীসহ মোটরসাইকেলচালক মারা গেছেন। এসময় রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসে থাকা যাত্রীদেরও কয়েকজন আহত হয়েছেন।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডাক্তার পার্থ বিশ্বাস বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈম হাওলাদার, মানসুরা বেগম, হেমায়েত হাওলাদার ও মো. খায়রুল ফরাজীর মৃত্যু হয়েছে।