
পিরোজপুরে পার্কিং করে রাখা আরাফাত পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ সংলগ্ন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আরাফাত পরিবহন নামে একটি বাসের পেছনের অংশের সিটে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এ সময় স্ট্যান্ডে থাকা অন্য বাসের হেলপাররা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বাসটির পেছনের কিছু অংশ ও কয়েকটি সিট পুড়ে যায়।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি, মঠবাড়িয়া থানা পুলিশের সদস্যরা এবং উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, রাত ১২টার দিকে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ইউএনও আতাউর রাব্বি জানান, বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পান নি। তবে তিনি ধারণ করছেন, নাশকতার উদ্দেশ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।