নিজস্ব প্রতিবেদক // নারায়ণগঞ্জে পুকুর থেকে আতিকুল ইসলাম (২৫) নামের এক বিকাশ এজেন্টের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার পাগলা আলীগঞ্জ ওলি হাজির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। আতিকুল আলীগঞ্জ এলাকার ইকবাল মিয়ার ভাড়াটিয়া বশির হাওলাদারের ছেলে।
বশির হাওলাদার বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে সম্রাট নামের আরেক বিকাশ এজেন্ট পাওনা ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলে আতিকুলকে ডেকে নেয়। এরপর থেকে আতিকুল নিখোঁজ ছিল। রাতে আতিকুলকে একাধিকবার ফোন করি। পরে একবার ফোন রিসিভ করে বলে- আমি মাহফিলে আছি। আমার ধারণা- ঘাতকরা জিম্মি করে তাকে দিয়ে মাহফিলে থাকার কথা বলিয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিখোঁজের রাতেই ফতুল্লা মডেল থানায় জিডি করতে গিয়ে ছিলাম। ওই রাতে পুলিশ জিডি নেয়নি। পরে শুক্রবার সকালে গিয়ে জিডি করেছি।’ ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, ময়নাতদন্তের জন্য লাশ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
