প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ১২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৬, ১:৫৮ পি.এম
পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

নিজস্ব প্রতিবেদক // মধ্যপ্রাচ্য সংঘাতকে কেন্দ্র করে সংকটের আশঙ্কায় দেশের পেট্রোল পাম্পগুলোতে চলছে ‘প্যানিক বায়িং’। যার ফলে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। সংকটের বাস্তব আশঙ্কা না থাকলেও অহেতুক ভয়ের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে সরকার।
শনিবার (৭ মার্চ) সকাল থেকেই পাম্পগুলোর সামনে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের দীর্ঘ লাইন দেখা যায়।
বিশেষ করে রাজধানীর শাহবাগ, পরীবাগ, তেজগাঁও ও নীলক্ষেত এলাকার ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের এই উপচেপড়া ভিড়ের কারণে সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। হঠাৎ ক্রেতাদের বাড়তি চাপের মুখে কৃত্রিম সংকট এড়িয়ে সরবরাহ স্বাভাবিক রাখতে তেল বিক্রির ওপর কঠোর সীমা বেঁধে দিয়েছে সরকার।
রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে কয়েক কিলোমিটার পর্যন্ত লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন যানবাহনকে।
গতকাল শুক্রবার জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, দীর্ঘমেয়াদে যাতে দেশে জ্বালানির সংকট না হয়, সেজন্য রোববার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে।
তিনি বলেন, ‘যে সংশয়টি জনগণের তৈরি হয়েছে, আমরা সেটাকে অস্বাভাবিকভাবে দেখছি না। কারণ একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। ফলে একটা দুশ্চিন্তা বিরাজ করছে। কিন্তু আমি আশ্বস্ত করতে চাই, জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের কাছে যথেষ্ট মজুত রয়েছে।’
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.