
নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর বাউফলে পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের নিয়মিত তৎপরতার অংশ হিসেবে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সাম্প্রতিক সময়ে এলাকায় রাজনৈতিক কর্মসূচি ও মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘যুবলীগ নেতা হুমায়ুন কবিরের বিরুদ্ধে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ রয়েছে। ওই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’