নিজস্ব প্রতিবেদক।।
সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকা থেকে ইমা পারভীন চন্দনা নামে এক গৃহবধূ তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা।
নিখোঁজ ইমা পারভীন চন্দনা (৩৫) সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার বাসিন্দা রবিউল ইসলাম ভেন্ডারের দ্বিতীয় স্ত্রী। তিনি তালা উপজেলার শিবপুর গ্রামের মহিউদ্দীন শেখের মেয়ে।
সাধারণ ডায়েরিতে মহিউদ্দীন শেখ উল্লেখ করেন, স্বামীর সঙ্গে কাটিয়া লস্করপাড়া এলাকায় বসবাস করতেন চন্দনা। গত রোববার (১৪ জুন) সকাল ১০টার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
জিডিতে তিনি আরও অভিযোগ করেন, চন্দনাকে তার স্বামী শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এ কারণে স্বামী ও তার পরিবারের সদস্যরা তাকে কোথাও লুকিয়ে রাখতে পারেন অথবা তার কোনো ক্ষতি হয়ে থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ নিশাত বলেন, নিখোঁজের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সবদিক বিবেচনায় রেখে অনুসন্ধান চলছে। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি দেশের সব থানায় জানাতে বেতার বার্তা পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে চন্দনার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা সাতক্ষীরা সদর থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।