প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৬:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৬:১৫ পি.এম
বরিশালে নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি // বরিশালের মেহেন্দীগঞ্জে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে নিরু বেগম (৫৫) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রবিউল ফকিরকে (২৩) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ভাসনচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিরু বেগম ওই গ্রামের রহিম ফকিরের স্ত্রী। অভিযুক্ত রবিউল পেশায় কৃষিশ্রমিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মায়ের কাছে টাকা চান রবিউল। টাকা দিতে অস্বীকৃতি জানালে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই নিরু বেগমের মৃত্যু হয়। এ সময় বাবাকেও মারধর করেন রবিউল।
ভাসনচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. খোকন মাতুব্বর জানান, রবিউল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য মায়ের সঙ্গে বিরোধের জেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়রা নিরু বেগমকে উদ্ধার করে দফাদারহাটের মেডিফাস্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় রবিউল তার বাবাকেও মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, টাকার জন্য রবিউল ফকির তার মা নিরু বেগমের মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করেন। এতে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রবিউলকে আটক করেছে।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.