নিজস্ব প্রতিবেদক // বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ চলাকালে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এ সময় মো. আতিকুল ইসলাম রাব্বি নামে যুবদলের সাবেক এক সদস্যকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।
আতিকুল ইসলাম রাব্বি বরিশাল মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য। তিনি সংসদ সদস্য সরোয়ারের অনুসারী হিসেবে পরিচিত।
রাব্বির অভিযোগ, সমাবেশ চলাকালে তিনি মঞ্চের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা মহানগর বিএনপির মঞ্জুর সঙ্গে এসেছিলেন বলে তিনি দাবি করেন।
রাব্বি বলেন, ‘‘আওয়ামী লীগ সরকারের আমলে হামলাকারীরা টুটুলের অনুসারী ছিলেন। তখন তারা চাঁদাবাজি করতেন। আমার দোকানেও চাঁদা নিতে গিয়েছিলেন। চাঁদা না দেওয়ায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়।’’ সেই বিরোধের জেরেই হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ‘‘আমরা তখন মঞ্চে ছিলাম। ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত এ ঘটনার বিষয়ে আমরা ব্যবস্থা নেব।’’
