নিজস্ব প্রতিবেদক // বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উৎসব উদযাপিত হয়েছে। শনিবার ও রোববার দুই দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয় কুয়াকাটায় হোটেল সি ভিউ’র হলরুমে কেক কাটার মাধ্যমে। পরে প্রতিনিধি সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, লটারি ড্রসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবটি সম্পন্ন হয়।
প্রতিনিধি সম্মেলনে পত্রিকার সম্পাদক এস এম রাকিবুল হাসান (ফয়সাল রাকিব)-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন পত্রিকার যুগ্ম সম্পাদক ব্যারিস্টার এম. সাব্বির আহমেদ প্রিন্স। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও পত্রিকার প্রকাশক অ্যাডভোকেট মো. মহাসীন মন্টু। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. মহাসীন মন্টু বলেন, দৈনিক সত্য সংবাদ দীর্ঘ দুই যুগ ধরে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। তিনি বলেন, একটি পত্রিকার জন্য টিকে থাকা যেমন চ্যালেঞ্জের, তেমনি পাঠকের বিশ্বাস ধরে রাখা আরও বড় দায়িত্ব। তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সংবাদ পরিবেশনই একটি গণমাধ্যমের মূল শক্তি। বর্তমান সময়ে ভুয়া খবর ও অপপ্রচারের ভিড়ে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়েছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সকলকে সততা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান। অ্যাডভোকেট মহাসীন মন্টু ভবিষ্যতে দৈনিক সত্য সংবাদ আরও আধুনিক, তথ্যভিত্তিক ও গণমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার প্রমিথ আমিনুল পরশ, সহকারী সম্পাদক মালিশা রামিয়াত প্রোমি, ডা. মেহেরুন খালেদা মুনা, প্রধান নির্বাহী সম্পাদক মো. কামাল হোসেন, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বার্তা সম্পাদক এম আর শুভ, যুগ্ম বার্তা সম্পাদক গাজী আরিফুর রহমান, সাংবাদিক তানজিমুন রিশাদ এবং কম্পিউটার ইনচার্জ আল আমিন সরদার। অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত পত্রিকার কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা পত্রিকার দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে আরও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, যা উপস্থিত সকলের মাঝে আনন্দঘন মুহূর্ত সৃষ্টি করে।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।