নিজস্ব প্রতিবেদক // বরিশালের আগৈলঝাড়া উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন। এ সময় তিনি বলেছেন, ক্ষমতাসীন কোনো রাজনৈতিক দল যখন গণবিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন তার সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব রাষ্ট্রের ওপর পড়ে। বর্তমান জ্বালানি সংকট তারই একটি উদাহরণ।
তিনি আরও বলেছেন, দেশের মাটির নিচে পর্যাপ্ত গ্যাস থাকলেও উত্তোলন করেনি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের লেখনী ও সংবাদ উপস্থাপনার মাধ্যমে দেশবাসীকে এই মরণঘাতী রোগ সম্পর্কে সচেতন করবেন। একটি দায়িত্বশীল সরকার হিসেবে আমাদের শিশুদের পর্যাপ্ত চিকিৎসা সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে, এবং সরকার সে দায়িত্ব যথাযথভাবে পালন করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুর এ এলাহী, পরিবার পরিকল্পনা দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. আবুল কালাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. মনিরুল আলম, বিভাগীয় নিউট্রিশন অফিসার ডা. শাহনাজ বেগম, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব।
বক্তব্যে মন্ত্রী বৈশ্বিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, বর্তমান সময়ে বিশ্ব একটি অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যার পেছনে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিও প্রভাব ফেলছে। জ্বালানি সংকটের বিষয় উল্লেখ করে তিনি বলেন, দেশের মাটির নিচে পর্যাপ্ত গ্যাস থাকা সত্ত্বেও পূর্ববর্তী সরকার তা উত্তোলনে কার্যকর উদ্যোগ নেয়নি। বরং আমদানিনির্ভর নীতির কারণে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়েছে, যার প্রভাব এখন দেশের অর্থনীতিতে পড়ছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে বরিশাল বিভাগে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।