
বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন বান্দরোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। অভিযানে জনসাধারণের চলাচলের পথ দখল, অবৈধ পার্কিং ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে ৬টি মামলা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠান এবং অবৈধভাবে পার্কিং করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে ‘মায়ের দোয়া’ ও ‘শাহীন হোটেল’-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় জরিমানা করা হয়।
অভিযান চলাকালে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়। বিসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।