নিজস্ব প্রতিবেদক // যশোরে বার্মিজ চাকু নিয়ে টিকটক ভিডিও করে এলাকাবাসীর মাঝে আতঙ্ক সৃষ্টি করায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার (২৬ মার্চ) কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২৫ মার্চ) বিকেলে শহরের পৃথক পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বার্মিজ চাকু জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, টিকটকার অনিক (১৯) শহরের শংকরপুর হারানের মোড়ের নুর ইসলামের ছেলে ও তার সহযোগী আলামিন (১৮) শহরতলির সুলতানপুর গ্রামের নুর আমিনের ছেলে। উপ-পরিদর্শক (এসআই) কামাল বরিশালটাইমসকে জানান, অনিক শংকরপুর কলাবাগান ভাঙ্গড়ি পট্টিতে বার্মিজ চাকু নিয়ে নানা অঙ্গ-ভঙ্গি করে ভিডিও তৈরির মাধ্যমে ওই এলাকার লোকজনকে ভয়ভীতি দেখায়। পরে সেই ভিডিও টিকটকে পোস্ট করে। অনিককে বার্মিজ চাকুসহ আটক করা হয়েছে।
চাঁদপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, সুলতানপুর এলাকায় বার্মিজ চাকু দিয়ে ভিডিও করার সময় স্থানীয়রা আলামিনকে আটক করে। এ সময় তারা পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ গিয়ে আলামিনকে আটক করেন।
