
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে পৃথক সমাবেশ ও র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)।
আজ শনিবার দুপুরে নগরীতে বরিশাল মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে দুপুর ১২টায় নগরীর সদর রোডে অশ্বিনীকুমার হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. মজিবর রহমান সরোয়ার।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।
এ সময় মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেন, গত ১৭ বছর যেভাবে মাঠে থেকে আন্দোলন-সংগ্রাম করেছি, এখনো সেভাবেই মাঠে রয়েছি। প্রয়োজনে সাংগঠনিক টিম গঠন করে স্বৈরাচারী শক্তি প্রতিহত করা হবে।
সমাবেশ শেষে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি র্যালি নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে বরিশাল জেলা বিএনপির উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার করার আহ্বান জানান।
সমাবেশ শেষে জেলা বিএনপির নেতাকর্মীরাও নগরীতে র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।