নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বরিশাল জেলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ও সংগঠক মোহাম্মদ মঈনুদ্দীন রুবেলকে বরিশাল জেলা স্টেডিয়ামে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে পুরো স্টেডিয়াম এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানস্থলে জেলার ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষের উপস্থিতিতে স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিল অসংখ্য খুদে ক্রিকেটার। তাদের প্রাণবন্ত উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও আনন্দঘন করে তোলে। ছোট ছোট খেলোয়াড়দের হাতে ফুল ও শুভেচ্ছা বার্তা নিয়ে প্রিয় সংগঠককে বরণ করার দৃশ্য উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
এদিকে মঈনুদ্দীন রুবেলকে বরণ করে নিতে শহরের বিভিন্ন সড়কে ব্যাপক গাড়িবহর দেখা যায়। মোটরসাইকেল ও প্রাইভেটকারের দীর্ঘ বহর নিয়ে সমর্থকরা তাকে স্টেডিয়ামে নিয়ে আসেন। এসময় পুরো স্টেডিয়াম এলাকা ও আশপাশের সড়কে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মঈনুদ্দীন রুবেলের এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বরিশালের ক্রিকেট অঙ্গনের জন্য গর্বের বিষয়। দীর্ঘদিন ধরে তিনি জেলার ক্রিকেটের উন্নয়ন, নতুন খেলোয়াড় তৈরি এবং ক্রীড়া সংগঠক হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছেন। তার নেতৃত্বে বরিশালের ক্রিকেট আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের ক্রিকেটারদের বিকাশ, প্রতিভা অন্বেষণ এবং জেলার ক্রিকেট কাঠামোকে আরও শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
নিজ বক্তব্যে মঈনুদ্দীন রুবেল সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বরিশালের ক্রিকেটকে জাতীয় পর্যায়ে আরও সুসংগঠিত ও প্রতিযোগিতামূলক অবস্থানে নিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করে যাব।”
অনুষ্ঠান শেষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করা হয়।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।