ফরিদপুরের ভাঙ্গায় ছয় গ্রামের সংঘর্ষে নিহত সুমন হত্যার বিচারের দাবিতে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। বুধবার (১ জুলাই) দুপুরে ভাঙ্গা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ চলাকালে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন।
এ সময় খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, অপরাধী যে-ই হোক, তার বিচার হবে। সে বিএনপির হলেও দল তার পাশে থাকবে না। সংসদ অধিবেশন থাকায় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি এলাকাবাসীর পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সুমন হত্যা মামলায় এ পর্যন্ত ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দীর্ঘ সময় অবরোধের পর প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করেন।
