মাইদুল ইসলাম রনি, বানারীপাড়া // বরিশালের বানারীপাড়ায় ভূমি দস্যুদের নির্যাতন ও মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মৃধা। সোমবার (২৪ জুন) বিকেল ৫টায় বানারীপাড়া প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার ও তার পরিবারের বিরুদ্ধে একদল প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালিয়ে আসছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাসুম সরদার, বাকপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী বশির আহমেদ, বিএনপি নেতা আব্দুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ। লিটন মৃধা অভিযোগ করে বলেন, তার মায়ের নামে থাকা জমি ওয়ারিশসূত্রে তিনি ও তার বোনের নামে রেকর্ডভুক্ত হয়। কিন্তু ওই জমি জোরপূর্বক দখলের অপচেষ্টায় লিপ্ত হন আওয়ামী লীগ সমর্থিত সাইফুল ইসলাম রানা, আশরাফুল আলম সোহেল, নাজনিন নাহার লিনা, আয়েশা সিদ্দিকা হিরা ও শামীমসহ একদল দখলবাজ। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে করা সব মামলা তিনি জিতলেও প্রতিপক্ষ হাল ছাড়েনি। বরং তারা স্থানীয় প্রশাসনের চোখে ধুলো দিয়ে বারবার হয়রানি করে আসছে তার পরিবারকে। গত ১১ জুন সন্ধ্যায় তার ওপর সন্ত্রাসী হামলা চালানো হয় বলেও তিনি অভিযোগ করেন। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে টানা ১১ দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার পর থানায় দায়ের করা মামলায় পুলিশ দুই অভিযুক্ত—সাইফুল ইসলাম রানা ও আশরাফুল আলম সোহেলকে গ্রেফতার করে। লিটন মৃধা আরও অভিযোগ করেন, তার সম্মানহানি করতে প্রতিপক্ষ তার ঘরের সামনে সেফটি ট্যাংক নির্মাণ করে এবং দুই বছর আগে তার গরুর খামার থেকে গবাদি পশু চুরি করে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে লিটন মৃধা দাবি করেন, আওয়ামী লীগের ক্ষমতা ও সাবেক এমপি আমির হোসেন আমুর সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে তাকে নানা প্রকার হয়রানি ও মিথ্যাচারের শিকার করছেন। এমনকি ২৪ জুন বরিশাল প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করে তাকে ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে। তিনি ওই সংবাদ সম্মেলনের মিথ্যা তথ্যের তীব্র প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিচার দাবি করেন।