নিজস্ব প্রতিবেদক // দেশের প্রথম যুব সংগঠন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর মহাসমাবেশে যোগ দিতে আসা এক ইউনিয়ন যুবলীগ সভাপতির মৃত্যু হয়েছে। তার নাম হারুন (৪৮)। তিনি রাজশাহীর মোহনপুর থানার বাকশিমইল ইউনিয়ন যুবলীগের সভাপতি বলে জানা গেছে।
তার সঙ্গে থাকা শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে শুক্রবার সকালে রাজশাহী থেকে তারা ঢাকায় আসেন। বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে প্রবেশের সময় হারুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল ফাঁড়ির পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ গণমাধ্যমকে বলেন, অসুস্থ অবস্থায় হারুনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে তার সহকর্মীরা। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
