নিজস্ব প্রতিবেদক // নেত্রকোনার দুর্গাপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাফিজুর রহমান (৩২) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বারমারি লক্ষ্মীপুর গ্রামে এ দুঘর্টনা ঘটে।মুস্তাফিজুর রহমান সদর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। তিনি নেত্রকোনার একটি মাদরাসার শিক্ষক ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে ডোবায় মাছ ধরার জন্য নামেন মোস্তাফিজুর। এ সময় ডোবার পানি সেচার জন্য ছোট্ট একটি মটর বসান। পরে এই মটরের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, বৈদ্যুতিক মটর সংযোগ দিতে গিয়ে মোস্তাফিজুর বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
