স্বপ্নে দেখেছিলেন সাঁতরে নদী পার হতে পারলে মাথাব্যথা ভালো হবে। তাই মাথাব্যথা ভালো হওয়ার আশায় নদী সাঁতরে পার হতে চেয়েছিলেন এক গৃহবধূ। কিন্তু নদীর পাড়ে আর উঠতে পারলেন না তিনি। পানিতে ডুবে মারা যান ওই গৃহবধূ।
এমনই এক ঘটনা ঘটেছে নওগাঁর ছোট যমুনা নদীতে। সোমবার (৬ জুলাই) বিকেলে শহরের বিহারী কলোনি এলাকায় মানত পূরণের আশায় সাঁতরে নদী পার হতে গিয়ে শাহিদা বানুর (৩০) পানিতে ডুবে মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
মৃত শাহিদা বানু সদর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।
মৃতের পরিবার এবং পুলিশ জানায়, মৃত শাহিদা বানু মাথাব্যাথা ভালো হওয়ার মানত করে নদীর পূর্বপাশে অবস্থিত জিন্দা পীরের মাজারে যান। তিনি স্বপ্নে দেখেছিলেন ছোট যমুনা নদী দুইবার সাঁতরে পার হলে তার মাথাব্যথা ভালো হয়ে যাবে। সোমবার বিকেলে মাজারে মানত শেষে তিনি একাই নদীর পূর্ব পাড় থেকে সাঁতার কেটে পশ্চিম পাড়ে আসছিলেন।
এমন সময় নদীর মাঝামাঝি স্থানে পৌঁছলে তিনি পানিতে ডুবে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার করতে গেলে তাকে আর পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করে।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।