নিজস্ব প্রতিবেদক
সাম্প্রতিক মার্চ আন্তর্জাতিক বিরতির ফলাফলে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে বড় পরিবর্তন এসেছে। ফ্রান্স সবার ওপরে উঠে এসেছে, পেছনে ফেলেছে স্পেন ও আর্জেন্টিনাকে।
২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দশ সপ্তাহ বাকি থাকতে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছে স্পেন। মিশরের বিপক্ষে গোলশূন্য ড্র করায় তাদের এই পতন।
এই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে ফ্রান্স। ব্রাজিলের বিপক্ষে কঠিন লড়াইয়ে জয়ের পরই কিলিয়ান এমবাপ্পে ও তার সতীর্থরা আর্জেন্টিনাকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে।
এরপর ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন যখন মিশরেরে সঙ্গে ড্র করে, আর ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স কলম্বিয়াকে ৩-১ গোলে হারায়, তখনই র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে ফরাসিরা।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোনো ম্যাচে হোঁচট না খেলেও এক ধাপ নেমে এখন তিন নম্বরে। প্রীতি ম্যাচে মৌরিতানিয়া ও জাম্বিয়াকে বড় ব্যবধানে হারিয়েও লিওনেল মেসিদের পেছাতে হয়েছে মূলত ফ্রান্সের উত্থানের কারণে।
চার নম্বরে অপরিবর্তিত রয়েছে ইংল্যান্ড। প্রীতি ম্যাচে মেক্সিকোর সঙ্গে ড্র করলেও যুক্তরাষ্ট্রকে হারিয়ে এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছে পর্তুগাল জাতীয় ফুটবল দল।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এক ধাপ নেমে এখন ছয়ে। সর্বশেষ ম্যাচে ক্রোয়েশিয়াকে হারালেও তার আগের ম্যাচে ফ্রান্সের কাছে হেরেছে কার্লো আনচেলত্তি-র দল।
শীর্ষ দশের বাকি অবস্থানগুলো অপরিবর্তিত রয়েছে—সাতে নেদারল্যান্ডস, আটে মরক্কো, নয়ে বেলজিয়াম এবং দশে জার্মানি।
১১ নম্বরে আছে ক্রোয়েশিয়া। টানা তৃতীয়বার বিশ্বকাপে জায়গা না পাওয়া ইতালি এক ধাপ এগিয়ে এখন ১২ নম্বরে।
এবারের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় উন্নতি করেছে ভিয়েতনাম। টানা পাঁচ ম্যাচ জিতে তারা ৯ ধাপ এগিয়ে উঠে এসেছে ৯৯ নম্বরে। বিপরীতে, তাদের কাছেই হেরে সবচেয়ে বড় অবনমন হয়েছে মালয়েশিয়ার—১৭ ধাপ পিছিয়ে এখন ১৩৮ নম্বরে।
বাংলাদেশের অবস্থান আরও নেমেছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল এক ধাপ পিছিয়ে এখন ১৮১ নম্বরে, ভিয়েতনাম ও সিঙ্গাপুরর কাছে হারের ফলেই এই অবনমন।
দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা অবস্থানে আছে ভারত। হংকংকে হারিয়ে তারা ৫ ধাপ এগিয়ে এখন ১৩৬ নম্বরে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের মধ্যে ৩৭টি রয়েছে শীর্ষ ৫০-এর মধ্যে। শীর্ষ ৩০-এ থেকেও বিশ্বকাপে জায়গা হয়নি মাত্র তিনটি দলের—ইতালির পাশাপাশি ডেনমার্ক (২০) ও নাইজেরিয়া (২৬)।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।