মোঃ রাসেল কবির, মেহেন্দিগঞ্জ // চেক দিয়ে টাকা নেওয়ার অভিযোগ, সুপারশপ বিক্রি করে আত্মগোপনে নোমান; পাওনা চাইতে গিয়ে হুমকির মুখে আলেনুর বেগম
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকার অসহায় বিধবা আলেনুর বেগমের কাছ থেকে স্বপ্নপুরী সুপারশপে বিনিয়োগের কথা বলে ৭ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে চরহোগলা এলাকার জালাল উদ্দীনের ছেলে নোমানের বিরুদ্ধে। টাকা গ্রহণের বিপরীতে ৭ লাখ টাকার একটি চেক দেওয়া হলেও পরবর্তীতে সুপারশপটি বিক্রি করে নোমান আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
আলেনুর বেগমের অভিযোগ, প্রায় ৩ থেকে ৪ বছর ধরে নোমানকে খুঁজে না পেয়ে তিনি তার বাবা জালাল উদ্দীনের কাছে পাওনা টাকা ফেরত চাইতে যান। এ সময় জালাল উদ্দীন তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে দাবি করেন তিনি।
এ অবস্থায় নিরুপায় হয়ে আইনের আশ্রয় নেন আলেনুর বেগম। এ ঘটনায় চেকসংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তবে মামলা দায়েরের পর জালাল উদ্দীনও এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন বলে অভিযোগ করেছেন আলেনুর বেগম।
স্বামীহারা আলেনুর বেগম বর্তমানে দুই মেয়েকে নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। তার দাবি, মৃত স্বামীর জীবনের কষ্টার্জিত সঞ্চয় ও পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি ওই ৭ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেই টাকা ফেরত না পাওয়ায় এখন চরম অসহায় অবস্থায় পড়েছেন তিনি।
ভুক্তভোগী আলেনুর বেগম বলেন, দীর্ঘদিন ধরে নিজের পাওনা টাকা উদ্ধারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেও কোনো প্রতিকার পাচ্ছেন না। অর্থাভাবে দুই মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাকে।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন আলেনুর বেগম। একই সঙ্গে তার পাওনা ৭ লাখ টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
একজন স্বামীহারা নারীর জীবনের শেষ সম্বল ফিরে পাওয়ার আকুতি এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতার অপেক্ষায়।