মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
মেহেন্দিগঞ্জে হাঁসে ধান খাওয়ার প্রতিবাদ করায় আবু কালাম বিশ্বাস ও তার কিশোর ছেলে স্বজলকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। অভিযোগে জানা যায়, শনিবার একই গ্রামের বাসিন্দা ফরিদ বেপারির হাঁস প্রতিবেশী আবুল কালাম বিশ্বাস এর জমিতে গিয়ে ধান খায় এবং নষ্ট করছে। এ নিয়ে এদিন বিকাল আনুমানিক ৪ টার সময় দুই পরিবারের মধ্যে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে হাসের মালিক ফরিদ বেপারির নেতৃত্বে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ফিল্মি স্টাইলে ধানের মালিক কালাম বিশ্বাস এর বাড়িতে গিয়ে ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে পরিবারের ২ জনকে জখম করেন। এ সময় কালাম বিশ্বাস এর ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত কালাম বিশ্বাস (৪০) ও তার কিশোর ছেলে (১৩) স্বজলকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে কালাম বিশ্বাস এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন কর্তব্যরত ডাক্তার। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার জাহাঙ্গীর হোসেন বলেন, ফরিদ বেপারির নেতৃত্বে হামলা চালানো হয়। মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা বলেন, ফরিদ বেপারির বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসীসহ বহুমুখী অভিযোগ রয়েছে।