নিজস্ব প্রতিবেদক।।
রংপুরের মিঠাপুকুর উপজেলায় লোডশেডিংয়ের কবলে পড়ে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আজ রোববার বেলা ১১টায় মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্রে গিয়ে মোমবাতি দিয়ে পরীক্ষা দেওয়ার দৃশ্য দেখা যায়।
ভুক্তভোগী শিক্ষার্থী ও দায়িত্বরত কেন্দ্রসচিব জানায়, সকাল থেকেই বিদ্যুৎ ছিল না এই কেন্দ্রটিতে। বিদ্যুৎ অফিস বারবার জানানোর পরেও হয়নি সমাধান। এরপরেই ঝড় বৃষ্টি শুরু হলে পরীক্ষার রুমের ভেতরে পরীক্ষা দেওয়া অসম্ভব হলে কেন্দ্রসচিবের ব্যবস্থাপনায় করা হয় মোমবাতি প্রজ্বলন। তবে মোমবাতির আলোতে অনভ্যস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিতে ভোগান্তির শিকার হয়।
এ বিষয়ে ওই কেন্দ্রের সচিব ও পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহেদুল আলম বলেন, ‘পরীক্ষায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে এমনটাই জানতাম। এজন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়নি। কিন্তু সকাল থেকেই বিদ্যুৎ নাই। বারবার বলার পরেও বিদ্যুৎ সরবরাহ করেনি পল্লী বিদ্যুৎ সমিতি। বাধ্য হয়ে মোমবাতি প্রজ্বলনের ব্যবস্থা করেছি।’
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, ‘ওই কেন্দ্রটি আমাদের বলদিপুকুর সাবস্টেশনের আওতাধীন রংপুর গ্রীডের লাইনের সঙ্গে যুক্ত। রংপুর গ্রীডের লাইনটি পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। আমরা শঠিবাড়ি গ্রীড থেকে বিকল্প লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করছি।’
মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ বলেন, ‘ওই কেন্দ্রে বিদ্যুৎ নাই। এ বিষয়ে কেন্দ্র সচিব আমাকে জানাননি। এটা পুরোটা কেন্দ্র সচিবের দায়। আমি এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।